সিলেটে ৩ ঘণ্টার মধ্যে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার

কোতোয়ালী মডেল থানায় অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ। অভিযানে সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তিন ঘণ্টার মধ্যে উপশহর ডি-ব্লক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধার করা প্রাইভেটকার
উদ্ধার করা প্রাইভেটকার |নয়া দিগন্ত

সিলেট নগরীতে চুরি হওয়ার তিন ঘণ্টার মধ্যেই একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রাইভেটকারটির আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

বুধবার (৪ মার্চ) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর উপশহর ডি-ব্লকের সানিহিল স্কুলের সামনে প্রধান সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর আড়ং শপিং মলের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হালকা সোনালি রঙের একটি প্রাইভেটকার চুরি হয়। গাড়িটি এহসানুল হক পিয়ালের নামে রেজিস্ট্রেশন করা এবং তা ব্যবহার করতেন সাজিয়া জামান (২৬)। রাত ১০টা ১০ মিনিটের দিকে গাড়িটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, রাত ৯টা ৩৭ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তালা খুলে গাড়িটি নিয়ে যান।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে রাতেই নগরীর উপশহর ডি-ব্লকের সানিহিল স্কুলের সামনে প্রধান সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ। অভিযানে সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তিন ঘণ্টার মধ্যে উপশহর ডি-ব্লক এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।