নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দলটি পানাম সিটি পৌঁছালে তাদের স্বাগত জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
স্বাগতকালে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কোরিয়ান প্রতিনিধি দলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান জেলা প্রশাসক। একইসাথে পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি পানাম সিটির ঐতিহ্য সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান তাদের।
এ সময় কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলীতে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন।
একইসাথে তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারে গুরুত্ব আরোপ করেন।



