সিলেটে আরিফুল হক চৌধুরী

মন্ত্রী নয় জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই

কারো প্রতি বৈরী মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মী বেষ্টিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মী বেষ্টিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

কারো প্রতি বৈরী মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। অতীতে জনগণের সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থনেই আমি এ পর্যায়ে এসেছি উল্লেখ করে তিনি আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেবো।

মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পরে তিনি সিলেট সার্কিট হাউসে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগণের জন্য উপহার। আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়াদা আমরা দিয়েছি তা যেনো আমরা পুরণ করতে পারি।

এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে আরিফুল হক বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকই আমাকে কাজ শুরু করতে হবে।

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুসহ জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

এসময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ সিলেট জেলা ও মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও শাহপরান রে.) এর মাজার জিয়ারত করে পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো।

এর আগে দুপুরে মন্ত্রী সিলেট এসে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।