ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থার পড়ে থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারি, যাত্রীসহ হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘ সাত বছর ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় খানাখন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এ সড়কের ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন শিশু ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
সড়কটি উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষমীপুরা গ্রামের ওপর দিয়ে ভিটাবাড়িয়া ইউনিয়নের সাথে সংযোগ সড়ক। এ সড়কই হলো এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়ক দিয়েই প্রতিদিন ভান্ডারিয়া লঞ্চঘাট, উপজেলা প্রাণিসম্পদ দফতর (পশু হাসপাতাল), ভান্ডারিয়া পৌরসভা,কাজী অফিস, ভান্ডারিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।
এছাড়াও এ সড়ক দিয়ে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নম্বর ভান্ডারিয়া হাই-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসা, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ, থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া কেজি স্কুল ও ভান্ডারিয়া সরকারি কলেজের হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত খুব কষ্টে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও ভাঙাচোরা অংশ এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও মোটরসাইকেল আরোহীরা।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, প্রতিদিন স্কুল-কলেজে যেতে তাদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। অনেক শিক্ষার্থী ইউনিফর্ম নষ্ট করে বিদ্যালয়ে পৌঁছায়, আবার অনেকেই পিছলে পড়ে আহত হয়। একইভাবে শিক্ষক, চাকরিজীবী, লঞ্চঘাটের যাত্রী, পশু হাসপাতালে সেবা নিতে আসা খামারিরা এবং সাধারণ মানুষও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর দাবি, সড়কটি শুধু একটি এলাকার নয়, এটি পৌরসভা ও ভিটাবাড়িয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। তাই দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো:হাসিবুল হাসান বলেন, ‘সড়কটি সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।’
ভান্ডারিয়া পৌরসভার প্রকৌশলী গাজী নজরুল ইসলাম বলেন, ‘সড়কটির সংস্কার কাজের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।’



