গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারণা, হাতেনাতে আটক

‘বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই গণশুনানিকে টার্গেট করে একটি চক্র প্রতারণার কৌশল অবলম্বন করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে ধারণা করছি।’

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
আটক দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহ
আটক দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহ |নয়া দিগন্ত

গাইবান্ধায় দুদকের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করার সময় হাতেনাতে জাফরুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকালে ডিসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের মরহুম ওছিমউদ্দিন আহমেদের ছেলে।

জানা গেছে, রোববার সকালে জাফরুল্লাহ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে গিয়ে অডিটর কৌশিককে খোঁজাখুঁজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছে অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন। তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সাথে কথা বলে দেন।

এ সময় মোবাইলে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন তিনি। পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি নিজেকে কখনো রংপুর, কখনো দিনাজপুরের বাসিন্দা দাবি করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায়, জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের মরহুম ওছিমউদ্দিন আহমেদের ছেলে।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন, ‘প্রতারককে আটক করে বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক (ডিসি) মাসুদুর রহমান মোল্লা, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়।’

তিনি আরো বলেন, ‘আগামীকালকের দুদকের শুনানিকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র।’

খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে যান এবং সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে নুর আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই গণশুনানিকে টার্গেট করে একটি চক্র প্রতারণার কৌশল অবলম্বন করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে ধারণা করছি।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতারণার অভিযোগে আটক ব্যক্তি থানা হেফাজতে আছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’