গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

স্বামী-স্ত্রী তাদের এক বছর বয়সী ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
নিহত স্বামী-স্ত্রীর লাশ
নিহত স্বামী-স্ত্রীর লাশ |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাথে থাকা এক বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ২ নম্বর সিএনবি এলাকার পশ্চিম পাশে ঢাকা-ময়য়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম রাকিব (৪০)। তিনি ডেনিমেক্স নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাবার নাম সেকেন্দার আলী ব্যাপারী এবং বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামে। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী তাদের এক বছর বয়সী ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিব নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যানবাহন আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং কাভার্ডভ্যানটি শনাক্তে পুলিশ কাজ করছে।