মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেত থেকে রুহুল আমিন ঘরামী (৪৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



