চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়া এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪১)। তিনি সাতকানীয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য এসেছিলেন। গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা একটি গরু হঠাৎ রশি ছিড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসএসি পরীক্ষার্থী সারাবন তহুরা আলফা অ্যাকাডেমি কোচিং সেন্টারে যাচ্ছিল। সে পদুয়া এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে পৌঁছালে হঠাৎ গরুটি পেছন দিক থেকে এসে শিং দিয়ে তাকে আঘাত করে।
এতে তহুরা গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে তার নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, মেয়েটি মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ফলে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



