মেহেরপুরে ভোর থেকে বোমা আতঙ্ক

মেহেরপুর বিশ্ববিদ্যালয়, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্ক এলাকায় সাউন্ডবক্স ব্যাগে ভরে বৈদ্যুতিক তারে সাথে ঝুলিয়ে দেয়া হয়। বোমা ভেবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেখ মুজিবের ভাষণ বাজাতে এ পদ্ধতি অবলম্বন করেছে দুর্বৃত্তরা।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
বোমাসদৃশ বস্তু উদ্ধার
বোমাসদৃশ বস্তু উদ্ধার |নয়া দিগন্ত

মেহেরপুরে সকাল থেকে বোমা আতঙ্কে স্থানীয়রা। রোতের কোনো এক সময় কে বা কারা সাউন্ডবক্স ব্যাগে ভরে বৈদ্যুতিক তারে সাথে ঝুলিয়ে দেন। ভোর থেকে মেহেরপুর শহরের পৃথক তিনটি স্থানে বৈদ্যুতিক তারে ঝুলানো ব্যাগ দেখতে পেয়ে সেগুলো বোমা ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। শেখ মুজিবের ভাষণ বাজাতে অভিনব এ পদ্ধতি অবলম্বন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও শহরের প্রাণকেন্দ্র ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে ওই সাউন্ডবক্সগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যুতের খুঁটির পাশে তারের সাথে একটি ব্যাগে ঝুলানো বক্স আকৃতির বস্তু দেখতে পায় স্থানীয়রা। বোমা হতে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে পানি ভর্তি একটি বালতির ভেতর রাখা হয়। কিছুক্ষণ পর বিচ্ছিন্ন করা হয় ব্যাটারির সাথে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সেটির ভেতর একটি সাউন্ডবক্স। এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সাথে আরো দু’টি বক্স রাখার খবর আসে। পরে সেগুলোও উদ্ধার করা হয়।

পথচারীরা জানায়, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনে ঝুলিয়ে রাখা বক্স থেকে শেখ মুজিবের ভাষণ বাজতে শোনা গেছে। দ্রুত পুলিশ সেখানে গিয়ে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো বোমা সাদৃশ্য বস্তু নয়। বরং ব্যাটারিচালিত অটোগাড়িতে ব্যবহৃত সাইন্ডবক্স। সেগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার সন্ধান করা হচ্ছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।