টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এনসিপি জেলা শাখা আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তৃতা করেন নাহিদ ইসলাম এবং এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। দলের অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম তার বক্তৃতায় বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল এদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। গণ-অভ্যুত্থানের পর দেশে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে। দেশের ৭০ পারসেন্ট জনগণ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করছে না।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে এদেশের কোনো পরিবর্তন হবে না। আর দেশের পরিবর্তন না হলে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ মূল্যহীন হয়ে যাবে।
সারজিস আলম বলেন, কোনো দল যদি চাঁদাবাজি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করে—সে যে দলেরই হোক না কেন, তার সমালোচনা করতে হবে। এনসিপি গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা দল। গণ-অভ্যুত্থানের সময় আমরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলির সামনে থেকে এসেছি। সুতরাং ককটেল-বোমা হামলার ভয় দেখিয়ে আমাদের রাজপথ থেকে সরানো যাবে না।
এর আগে বিকেলে টাঙ্গাইলের সখিপুরে জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও সারজিস আলম।



