সিলেটে নিষিদ্ধ আ.লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির বলেন, এ মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাসহ ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৪৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলাটি দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে চারজনকে এবং পরে আরেকজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির বলেন, এ মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।