কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়ন লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পোদ্দারের মোড় এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার খাল খনন করা হবে। প্রকল্পটির জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক একরামুল সরকার বাবু, সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু ও সদস্য সচিব ফাজকুরুনি আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল জলিল ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে এলাকার জন্য গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।



