পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে চলাচলের অনুপযোগী কাঁচা ও আধাপাকা সড়কের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি।
স্থানীয় বাসিন্দাদের কাছে তার নিজের ফেসবুকে দশমিনা ও গলাচিপা এলাকার বেহাল সড়কের ছবি ও তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে দশমিনা ও গলাচিপার যেসব এলাকায় চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা, আধাপাকা রাস্তার বেহাল দশা রয়েছে কিংবা যেখানে নতুন মাটির, ইটের বা পাকা রাস্তার প্রয়োজন, সেসব এলাকার নাম ও ইউনিয়নের নাম উল্লেখ করে রাস্তার ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ জানান।
তিনি আরো উল্লেখ করেন, পটুয়াখালী-৩ এলাকার যেকোনো বিষয়ে আবু নাঈমের সঙ্গে ০১৭৫৬০৮৫৬৪৯ নম্বরে যোগাযোগ করার তথ্যও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
এ বিষয়ে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কের অবস্থা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বেহাল সড়ক ও প্রয়োজনীয় পাকা সড়কের প্রকৃত চিত্র তুলে ধরতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।’



