সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদলের এক ইউনিয়ন সহ-সভাপতিসহ বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
উধুনিয়া ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- মোহাম্মদ সাইফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, জিল্লার হোসেন, আল-মাহমুদ, শাহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া, আবেদ আলীসহ আরো অনেকে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আজ যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, এটি প্রমাণ করে যে জনগণ আগামী দিনের রাষ্ট্রক্ষমতায় জামায়াতকে দেখতে চায়। দলে দলে মানুষের জামায়াতে যোগদানই তার বড় লক্ষণ।’
তিনি আরো বলেন, ‘আজ দেশের মানুষ সব দল পরীক্ষা করে দেখেছে। এখন সবার মুখে একটাই স্লোগান ‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’। যারা জামায়াতের আদর্শের সাথে ঐকমত্য পোষণ করে আজ দলে যোগ দিয়েছেন, তারা আগামী দিনের ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যোগদানকৃত নেতাকর্মীদের নিয়ে আগামীতে উল্লাপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।’
নির্বাচনী জনসভায় উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদসহ স্থানীয় নেতারা।



