কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা রুজু হওয়ার পর বিবাদীরা আদালতের মাধ্যমে জামিনে এসে বাদীসহ বাদীর পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
কুলিয়ারচর থানা, কিশোরগঞ্জ
কুলিয়ারচর থানা, কিশোরগঞ্জ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা রুজু হওয়ার পর বিবাদীরা আদালতের মাধ্যমে জামিনে এসে বাদীসহ বাদীর পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে।

মামলার বাদী উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের কৃষক মো: আব্বাছ মিয়ার স্ত্রী মোছা: কুরছিয়া বেগম শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে এসব অভিযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোছা: কুরছিয়া বেগম (৪২) তার মামলায় উল্লেখ করেন, একই গ্রামের মরহুম তমিজ উদ্দিনের ছেলে মো: বাচ্চু মিয়া গংদের সাথে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধ নিয়ে বাজিতপুর চৌকি/আদালতে বিবাদীদের সাথে তাদের মামলা চলমান। এই আক্রোশে বিবাদীগণ তাদের বসত বাড়ি হইতে উচ্ছেদ করাসহ সুযোগ পাইলে তাদেরকে জীবনে শেষ করিয়া ফেলবে মর্মে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ গত ২৫ মার্চ সকাল ১১টার দিকে লোকজন নিয়ে তাদের পুরুষশূন্য বাড়িতে বে-আইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসত বাড়ীতে প্রবেশ করে হামলা করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় বাধা দিলে বিবাদীরা বাদীসহ বাদীর শাশুড়ি ফুলবানু (৬৫), মেয়ে মোছা: নাজমা বেগম (২৩) ও আফসানা আক্তার (২৫), ছেলের স্ত্রী মোছা: ইতি আক্তার (১৮) দের ওপর হামলা করে তাদের মারধর করে।

এ সময় হামলাকারীরা ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বিবাদীরা তার ছোট মেয়ে মোছা: নাজমা বেগমের চুলে ও কাপড়ে ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

যাওয়ার সময় তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয় ও চিকিৎসা নেয়।

এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২ এপ্রিল মো: বাচ্চু মিয়া (৫০) সহ মো: হৃদয় মিয়া (২০), মো: সিপন মিয়া (২৫), মনির হোসেন (২৫), আল আমিন (২৩), মো: নিরব মিয়া (১৮) ও মোছা: অজুফা বেগম (৪৫) দের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করেন। মামলা নম্বর- ২।

মোছা: কুরছিয়া বেগম বলেন, হামলা করেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিবাদীরা তাদের জায়গায় জোর পূর্বক দখল করে একটি একচালা ঘর তৈরি করে চতুর্দিকে বেড়া দিয়ে দেয়।

এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসামিরা জামিনে এসে বাদী ও বাদীর পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেয়ার বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।