আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না : শামা ওবায়েদ

ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ধানের শীষের নির্বাচনী জনসভা
ধানের শীষের নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আজকে আমি আপনাদের বোন ও মেয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যেইভাবে আমার বাবাকে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দেখিয়েছেন ঠিক একিভাবে আপনারা আমাকে সেই স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আমি সালথা উপজেলার যারা এই মঞ্চে আছেন প্রত্যেক নেতা ও কর্মীরকে ধন্যবাদ জানাই আজকে একটি সফল জনসভায় জনসমুদ্র পরিণত করার জন্য।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘১২ ই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে ১৭ বছর পরে আমাদের ভোট দেয়ার সুযোগ এসেছে। নিরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সালথা-নগরকান্দা ও ফরিদপুর গড়তে চাই। সালথা উপজেলার মানুষ আমার ভাই-বোনেরা আমার হৃদয়ের মানুষ প্রাণের মানুষ ও ভালবাসার মানুষ। ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা ইন্তেকাল করেন আমাদের ছেড়ে চলে যান। তখন সালথা উপজেলার প্রত্যেকটা গ্রামে মানুষ গিয়ে আমাকে বলছে ‘ফুপু আমছ টা নাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো।’ আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি এবং সারাজীবন থাকবো ইনশাআল্লাহ। আমৃত্যু আপনাদের পাশে আছি। আপনাদের সেবায় আমি কাজ করতে চাই। আপনাদের মেয়ে ও বোনকে একটা সুযোগ দিবেন। আপনারা আমার বাবাকে যে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দিয়েছেন। তার তিন গুণ চার গুণ বেশি সেই ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা আমি আপনাদেরকে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘আজকে সালথা উপজেলার উন্নয়ন প্রয়োজন। আমি আপনাদের বলেছি সালথা-নগরকান্দায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল করে দেয়া হবে। এই সালথা উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। আমার ভাইবোনদের জন্য সালথা-নগরকান্দায় কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। চাকরির ব্যবস্থা করা হবে। সালথায় ভালো কোনো শিক্ষার ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা ১২ তারিখে যদি বিজয়ী লাভ করতে পারি সংসদে যেতে পারি সালথায় একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হবে। আমাদের ভাইয়েরা যারা বাহিরে গিয়ে চাকরি করেন তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। মিল কারখানা করা হবে। আমাদের কৃষক ভাইয়েরা যাতে ভালো থাকতে পারেন সরকার থেকে কৃষক কার্ড এনে তাদেরকে সেবা দেয়া হবে। আমাদের মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড হবে। আমাদের প্রত্যেকটি ফ্যামিলির জন্য কার্ড হবে মায়ের নামে।’

মাদরাসা ও মসজিদ নিয়ে তিনি বলেন, ‘মসজিদ উজ্জ্বল করা হবে এবং আধুনিক মাদরাসা স্থাপন করা হবে। ছেলে ও মেয়েদের জন্য নতুন মাদরাসা করা হবে। কাওমি মাদরাসায় যারা পড়াশোনা করছেন তারা পাশ করার পরে সমপরিমাণ চাকরি করতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ শাহজাদা, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো: আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম প্রমুখ।