টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে তদবির করতে আসা সন্দেহভাজন মো: মিজানুর রহমান (৩০) নামে এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তাকে আটক করে মধুপুর থানার পুলিশ।
আটক মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে।
মধুপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন, তিনি ৩৬ তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।
এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন।
মধুপুর থানার এসআই সেলিম সিকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলামকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।
একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।
থানা পুলিশ আরো জানায়, তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এই প্রতারণার চেষ্টা করেন।
এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এ কে এম ফজলুল হক।
এ সময় তার নিকট থেকে পুলিশের ব্যবহৃত একটি সোল্ডার জ্যাকেট (ট্রাকস্যুট), সোল্ডার লাইট ও একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল উদ্ধার করা হয়।



