ঈশ্বরদীতে মুদি দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চুরির অভিযোগে সুমনকে ধরা হলে তিনি ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক ও তার দুই ছেলেকে আঘাত করে আহত করেন। পরে স্থানীয় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Location :

Ishwardi
গণপিটুনিতে চোর নিহত
গণপিটুনিতে চোর নিহত |ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে মুদি দোকানে চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার ধারালো অস্ত্রের হামলায় দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মরহুম বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই হবিবুলের বসতবাড়ি হওয়ায় শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে আসেন। এ সময় সুমনকে আটকানোর চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ও তার দুই ছেলেকে আঘাত করে আহত করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। পরে স্থানীয় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দোকান মালিক হবিবুল ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।