হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফরাছ মিয়া (৪৮) নামে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন ওই গ্রামের শফিক উল্লাহর ছেলে সামশুল মিয়া (২০), মরহুম আতিক উল্লাহর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং মরহুম তুতা মিয়ার ছেলে জাহেদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ফরাছ মিয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা আক্রান্ত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।
ওদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় সচেতন মহল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া।



