সিলেটে র‌্যাব হেফাজতে কম্বল পেঁচিয়ে আসামির আত্মহত্যা

সিলেটে র‌্যাব-৯ হেফাজতে থাকা হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ গ্রহণ করেছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের মানচিত্র
সিলেটের মানচিত্র |নয়া দিগন্ত

সিলেটে র‌্যাব-৯ এর হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার র‌্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে এ তথ্য জানান। জানান এর আগে, শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এবং রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

তানভীর চৌধুরী নামে ওই আসামির বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে গায়ে জড়ানোর জন্য দেয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি জানান, রোববারই তানভীরের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে তার স্বজনরা লাশ নিয়ে গেছে।

এএসপি সোহাগ আরো জানান, নওগাঁ থানার একটি হত্যা মামলায় শনিবার তাকে সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেফতার করে শ্রীরামপুর এলাকার র‌্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল।