ছাতকে দুই সন্তানের জননী সুবর্ণা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাতে ছাতক পৌর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসার (সাবেক সিরাজী হোটেল) দোতলায় এ ঘটনা ঘটে।
আটক জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০) দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়ার (ভুলু) মেয়ে। প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ওই বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন সাদ্দাম। তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং সুবর্ণার ওপর প্রায়ই নির্যাতন চালানো হতো।
অভিযোগ রয়েছে, সোমবার রাতে নির্যাতনের এক পর্যায়ে সুবর্ণা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের দাবি, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর অভিযুক্ত স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামকে আটক করা হয়েছে। তবে ঘটনার সময় বাসায় থাকা দুই সন্তানকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা রফিক মিয়া (ভুলু) জানান, তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং তিনি এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করবেন।
মঙ্গলবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোহাম্মদ মোরসালিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



