সিলেটের বিয়ানীবাজারে বাসে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ এক পেশাদার মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদককারবারির নাম সজল বিশ্বাস (৪০)। তিনি জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার সকালে বিয়ানীবাজার চারখাই ইউনিয়ন কার্যালয়ের সামনে চেকপোষ্ট চলাকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসে তল্লাশি চালায় থানা পুলিশ। এ সময় আটক সজলের পরিহিত লুঙ্গির কোমরের ভাঁজ থেকে গোলাপি ও লাল রঙের ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।
এর সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



