বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

বিয়ানীবাজারে খেলার সময় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে ১৫ বছর বয়সী কিশোর সিয়াম আহমদ নিহত হয়েছেন; ঘটনায় অভিযুক্ত কিশোর তামিমকে পুলিশ আটক করেছে।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত
বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত |প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সিয়াম আহমদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার কয়েছ আহমদের ছেলে। অভিযুক্ত তামিম আহমদ (১৪) স্থানীয় আব্দুস শুকুরের ছেলে।

ঘটনার পর রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তামিমকে আটক করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোরই একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ও মামাতো-ফুফাতো ভাই। এলাকাবাসীর ধারণা, খেলার মধ্যে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তামিম আম কাটার ধারাল ছুরি দিয়ে সিয়ামকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদযন্ত্রের খুব কাছাকাছি গুরুতরভাবে লেগেছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।