বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।’
শনিবার (১৮ জুলাই) সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে নিতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে আরো সক্রিয় হতে হবে।’
পথসভায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ডা: শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম।
এছাড়াও কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ওই পথসভায় অংশ নেন।
বরিশালের বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে আয়োজিত এ সংক্ষিপ্ত পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম, মাদারপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মেজবা উদ্দিন আহমেদসহ আরো অনেকে।



