আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। প্রথমে চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী পরিবর্তনের ঘোষণা এলেও পরে আরো দুই আসনে প্রার্থী পরিবর্তন করার ঘোষণা দেয় দলটি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী নয়া দিগন্তকে তিনটি আসনে প্রার্থী পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইতোপূর্বে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও তাকে সেখান থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন দেয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নতুন করে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্যকে মনোনয়ন দেয়া হয়েছে।
এর আগে, একই দিনে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসন থেকে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিল বিএনপি। এরপর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন।



