পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মৃতের ভাতিজা রমজান আলী জানান, বুধবার দুপুর ২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনে তার নিজের জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন। বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



