বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল কবরস্থানে কর্মসূচির আয়োজন করে কবি আল মাহমুদ স্মৃতি সংসদ।
জিয়ারত শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মৃতি সংসদের সভাপতি কাজী সিরাজুল ইসলাম বলেন, ‘আল মাহমুদ বাংলা কবিতায় বাংলার মাটি, মানুষ, লোকঐতিহ্য, প্রেম, দ্রোহ ও বিশ্বাসকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তিনি শুধু কবি নন, মুক্তিযোদ্ধা ও জাতির বিবেকের কণ্ঠস্বরও ছিলেন। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি বিশ্বাসের কবি হিসেবে তিনি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন। এজন্য কবিকে নানা অবহেলা-বঞ্চনার শিকার হতে হলেও সময় তাকে যথার্থ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।’
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আল মাহমুদের কবিতা নতুন প্রজন্মের কণ্ঠে ও রাজপথের গ্রাফিতিতে নতুন জীবন লাভ করে।’
তিনি রাষ্ট্রীয়ভাবে ঢাকায় কবি আল মাহমুদ ইনস্টিটিউট এবং ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবি জানান।
অনুষ্ঠানে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



