মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মো: শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের পাঠানবাড়ি সুপার মার্কেট সংলগ্ন সড়কে শাহাদাতের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকালে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকার তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত শাহাদাত হোসেন ওই এলাকার শামসুল হকের পালিত ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মত্তগ্রামের ওসমান গনির বাড়ির মসজিদে ফজর নামাজের সময় এক মুসল্লীর মোবাইলফোন চুরির ঘটনা ঘটে। ওই ফোন চুরির সন্দেহে শাহাদাতকে বেঁধে রাখে এলাকাবাসী। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও শাহাদাত হোসেনের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে চুরির অভিযোগে এলাকায় শাহাদাতের বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগীরা। তবে এলাকার অনেকেই বলছেন, চুরির অভিযোগে এভাবে পিটিয়ে হত্যা করা উচিৎ হয়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, চোর সন্দেন্দে গণপিটুনিতে এক যুবক মারা যায়। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



