নলডাঙ্গায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বর্তমানে শিক্ষা উপকরণ, বাসাভাড়া, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধ্বমুখীর কারণে এই বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষক সমাজকে কষ্টে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন
নলডাঙ্গা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও অফিসে যান এবং ইউএনও মহোদয়কে স্মারক লিপি প্রদান করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নলডাঙ্গা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে নওগাঁ-নাটোর মহাসড়কের বারনই নদীর ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক পরিষদের নেতারা বলেন, সব শিক্ষকের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, জানের দাবি, অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করে আমাদের স্বপ্ন পূরণ করা হোক। সব প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১০ বছর আগে যে পে-স্কেল দেয়া হয়েছে, সেটা দিয়ে আমাদের সংসার আর চলছে না।

পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না হলে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও ভোটের ডিউটিতে না যাওয়ার হুমকি দেন তারা।

তারা বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে দাবি, জাতীয় নির্বাচনের আগেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। বর্তমানে শিক্ষা উপকরণ, বাসাভাড়া, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় বাজারের ঊর্ধ্বমুখীর কারণে এই বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষক সমাজকে কষ্টে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো: মোসাররফ হোসেন, সহ-সভাপতি মো: মোতালেবুর রহমান, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান, প্রচার সম্পাদক মো: মনজুরুল আলম, দফতর সম্পাদক অমল কুমার প্রাং, অর্থ সম্পাদক মো: রহিদুল ইসলামসহ প্রমুখ।