চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক সহকারী নিরাপত্তা কর্মকর্তার (প্রটোকল) লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় |সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক সহকারী নিরাপত্তা কর্মকর্তার (প্রটোকল) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাইকমিশন সূত্রে জানা যায়, মৃত নরেন ধর ভারতীয় নাগরিক।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ একটি সূত্র জানায়, নরেন ধর রাতের কোনো এক সময় বাথরুম থেকে বের হবার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফ্লোরে পড়ে মারা যান। তবে সুরতহাল রিপোর্টে লাশের কি বর্ণনা দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করে।

পুলিশের আরেকটি সূত্র জানায়, বিষয়টি গোপন রাখতে হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নয়া দিগন্তকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এটি একটি বিদেশী মিশনের ভেতরের ঘটনা। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। তবে, আমাদের ধারণা তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে মারা গেছেন। লাশ যেখানে পড়ে ছিল সেখানে কিছু ওষুধও পাওয়া গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাইকমিশনের আশপাশের একাধিক সূত্র জানায়, সকালে হঠাৎ কিছু পুলিশ সদস্যকে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল দেখা দেয়। কিছু সময় পর একটি অ্যাম্বুলেন্স সেখানে প্রবেশ করে লাশটি নিয়ে যায়।