ট্রাফিক পুলিশ নিয়োগের দাবিতে বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক গৃহবধূর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
নিহত গৃহবধূর নাম চামেলী বেগম (৩৫)। তিনি শাজাহানপুর উপজেলার বেতগাড়ী দক্ষিণ পাড়া গ্রামের জুয়েলের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার বিকেলে লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে বাস ও ইজিবাইকের সংঘর্ষে চামেলী বেগমসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে চামেলী বেগম মারা যান। দুর্ঘটনায় আহত তার দুই বছরের শিশু সন্তান সোয়াদের একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করতে হয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টায় এলাকাবাসী লিচুতলা বাইপাস মোড়ে চামেলীর লাশ নিয়ে অবস্থান নেন। তারা মহাসড়কের দুই লেন বন্ধ করে দিলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, দুর্ঘটনাপ্রবণ এই মোড়ে দ্রুত ট্রাফিক পুলিশ নিয়োগ ও ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, পুলিশের হস্তক্ষেপে ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



