সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় সার ডিলারশীপে নানান দুর্নীতির অভিযোগে চার দফা দাবি তুলে ধরে পুরাতন ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
এ সময় ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকুর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবি সংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।
এ সময় তারা অভিযোগ করে বলেন, সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে সেই নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে অনেক ইউনিয়নের কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ১. একই পরিবারের একাধিক সদস্যের নামে থাকা সার ডিলার লাইসেন্স বাতিল করতে হবে, যা সার ডিলার নিয়োগ নীতিমালার পরিপন্থী, ২. সার ডিলারশিপের সমন্বয়ের নামে ইউনিয়নের সাধারণ নাগরিকদের অধিকার খর্ব করা হয়েছে। এটি সংশোধন করে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, ৩. সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিকদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান করে স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে এবং কৃষকদের সার সংগ্রহে ভোগান্তি দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে ও ৪. অতীত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করে নতুনভাবে সার ডিলার নিয়োগ দিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত এসব দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



