আত্রাইয়ে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিনের মাথায় গীতা রানী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
আত্রাই থানা, নওগাঁ
আত্রাই থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিনের মাথায় গীতা রানী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বলরামচক গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃদ্ধা গীতা রানী ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী। তবে গীতা রানীর পরিবারের ধারণা ঋণের চাপে পড়ে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।

গীতা রানীর ছেলে মানিক কবিরাজ জানান, তার বাবা-মা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ্য না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা দিতে পারছিলেন না। ফলে বাবা-মা মাঝেমধ্যেই চাপে পড়ে পালিয়ে বেড়াতেন। এরই মধ্যে গত সোমবার সকাল ১০টা নাগাদ মা গীতা রানী নিখোঁজ হন। এর পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকাল ১০টা নাগাদ নিজ বাড়ি থেকে সামান্য অদূরে পরিত্যক্ত বাড়ির একটি ঘরের মধ্যে মায়ের লাশ ঝুলতে দেখে প্রতিবেশীরা। পরে খবর পেয়ে বুধবার দুপুরে থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, টাকা লেনদেন ছাড়া কারও সাথে বিরোধ ছিল না। তার ধারণামতে হয়তো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অতিরিক্ত চাপে পড়ে আত্মহত্যা করেছেন।

গীতা রানীর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গীতা রানী বিভিন্ন এনজিও ও সমিতি থেকে অনেক টাকা ঋণ করেছেন। এই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অনেক সময় পালিয়ে বেড়াতেন। দেনাদারদের চাপে পড়ে তিনি হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে এদিন দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই কীভাবে তার মৃত্যু হয়েছে এর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, নিখোঁজের দিনেই হয়তো মৃত্যু হয়েছে। মরদেহ থেকে গন্ধ বের হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।