ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত বেড়ে ৪, আহত ৪

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ
দুর্ঘটনাকবলিত দুই গাড়ি
দুর্ঘটনাকবলিত দুই গাড়ি |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তাদের তিনজন নারী ও একজন মেয়ে শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর জেলার পিয়ারপুর এলাকার খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮) ও তার মেয়ে খোরশনুর জান্নাত রিনতি (১১)। অপর এক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন নারীর লাশ উদ্ধার করা হয় এবং পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।