ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ মার্চ গফরগাঁও পৌর এলাকার কলেজ বালু ঘাটে ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিডব্লিউটিএ) খননযন্ত্রে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাংচুর করে। পরে তাদের সাহায্যে এগিয়ে এলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন ও অন্যদের উপর হামলা চালিয়ে ১০/১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ঘটনার দিন কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তি প্রকাশ করে মোক্তার হোসেনকে দলীয় পদবি থেকে অব্যাহতি দেন। এ ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও আহ্বায়ককে পুনর্বহালের দাবি জানান উপজেলা ছাত্রদলসহ বিএনপির নেতৃবৃন্দ।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিআইডব্লিউটি’র উপ-সহকারি প্রকৌশলী আকবর হোসেন, খননকারী ঠিকাদার প্রতিষ্ঠানে হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মো: খুররম ও উপজেলা ছাত্রদলের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মো: মোক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



