টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) এবং নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। আব্দুর রহমান এলাসিন টি.জে. উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ছোট একটি পুকুড়ে শিশু দু’টিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. তনুশ্রী সোম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পানিতে ডুবেই শিশু দু’টির মৃত্যু হয়েছে তবুও তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানাতে পারবো।



