অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে অবৈধ সংযোগ গ্রহণের দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ৩০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। অভিযানকালে ৫টি গ্যাস রেগুলেটর, প্রায় ৪০০ মিটার ৩/৪ ইঞ্চি এমএস পাইপ এবং ২০ মিটার প্লাস্টিক হোজ পাইপ অপসারণ করা হয়। কয়েকজন গ্রাহক অভিযানের আগেই তাদের ব্যবহৃত রেগুলেটর খুলে ফেলেন।
মোবাইল কোর্টে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।



