ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দোকানের সামনে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কোরবানির পশুর চামড়া রাখেন। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



