মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন

ব্যবসা করার সময় এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে মাসোহারা নিতেন এবং মাদক গ্রহণ করতেন। বর্তমানে তিনি এসব বন্ধ করে দেয়ায় তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
সংবাদ সম্মেলনে আকলিমা বেগম
সংবাদ সম্মেলনে আকলিমা বেগম |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, ‘তার স্বামী অসুস্থ এবং তাদের কোনো ছেলে নেই। দারিদ্র্যের কারণে স্বামীর অসুস্থতার সময় তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পরিবার ও আত্মীয়-স্বজনের অনুরোধে তিনি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গত তিন মাস ধরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।’

তিনি আরো অভিযোগ করেন, ব্যবসা করার সময় এলাকার কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে মাসোহারা নিতেন এবং মাদক গ্রহণ করতেন। বর্তমানে তিনি এসব বন্ধ করে দেয়ায় তারা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

আকলিমা বেগম বলেন, ‘আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’