বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) সদ্য যোগদানকারী কমিশনার মো: আশিক সাঈদ বলেছেন, ‘মাদক, কিশোর গ্যাং আর অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ সদর দফতর জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। এসবের বিরুদ্ধে বিএমপি আরো জোরদার অভিযান পরিচালনা করবে।’
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিএমপি সদর দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বিসিএস ২০তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। গত বৃহস্পতিবার বিএমপি কমিশনার হিসবে যোগদান করেন।
বিএমপি কমিশনার বলেন, ‘আমরা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। পাশাপাশি শুধু বাহক নয়, মাদকের গড ফাদারদেরও আমরা আইনের আওতায় আনতে চাই।’
তিনি বলেন, ‘আমরা মানবিক পুলিশ গড়তে চাই। থানাগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে, থানা যেন সাধারণ মানুষের স্বস্তির জায়গা হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা দেশের অনেক এলাকার তুলনায় ভালো রয়েছে। আমরা এ ধারা অব্যাহত রেখে জনগণের স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করতে কাজ করছি। নগরীর ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করে এ লক্ষে সম্ভব সবকিছু করার পাশাপাশি বিষয়টি নিয়ে নগর প্রশাসনসহ সড়ক ও জনপথ অধিদফতরকে নিয়ে বিএমপি কাজ করবে।’
মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ছাড়াও বরিশালের সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের সাথে খোলামেলা আলাপ করেন।
গণমাধ্যম কর্মীদের বিভিন্ন পর্যবেক্ষণ, অভিযোগসহ মতামত ও সুপারিশ নিয়ে আগামীতে আরো নিবিড়ভাবে বিএমপি কাজ করবে বলেও জানান বিএমপি কমিশনার মো: আশিক সাঈদ।



