সিলেটে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমিসেবা পৌঁছে দেয়া হয়েছে

‘ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।’

মঙ্গলবার (১৯ মে) সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘ভূমিসেবা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে জনগণ এখন আগের মতো ভূমি-সংক্রান্ত সেবা পেতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন না। দালালচক্রের খপ্পরে পড়ার প্রয়োজনও নেই। ভূমি অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।’

তিনি বলেন, ‘১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা।’

জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরের জামান চৌধুরী।

অনুষ্ঠানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।