পারিবারিক কলহ নিরসনে বৈঠক চলাকালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পারিবারিক কলহ নিরসনে আয়োজিত বৈঠক চলাকালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

মো: ফজলুল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম)

Location :

Fatikchhari
মৃত শিশু আশরাফুল করিম
মৃত শিশু আশরাফুল করিম |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহ নিরসনে আয়োজিত বৈঠক চলাকালে পুকুরের পানিতে ডুবে আশরাফুল করিম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোশাররফ আলী গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ওই বাড়ির মোহাম্মদ করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশরাফুলের বাবা মোহাম্মদ করিম ও মায়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল। বিরোধ নিষ্পত্তিতে ঘটনার দিন আসরের নামাজের পর স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে তাদের বসতবাড়ির উঠানে একটি সামাজিক বৈঠক বসে। এ সময় সবার অগোচরে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আশরাফুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মোহাম্মদ শাহজাহান জানান, বৈঠক শেষে বাড়ি ফেরার সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।