ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান পার্থের জন্য ভোট চাইলেন তার মা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর স্ত্রী রেবা রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী কোড়ালিয়া গ্রামে এক উঠান সভায় তিনি বিএনপির সমর্থিত আন্দালিব রহমান পার্থের গরুর গাড়ি মার্কায় সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় রেবা রহমান বলেন, পার্থ যেন ভোলার মানুষকে তার বাবা নাজিউর রহমান মঞ্জুর মতো সেবা করতে পারে। এজন্য ১২ ফেব্রুয়ারি গরুর গাড়িতে ভোট দেয়ার আহ্বান জানাই।
তিনি বলেন, পার্থ একজন উচ্চশিক্ষিত ধর্মপরায়ণ ভালো মানুষ। তার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ নেই। সে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি করার জন্য তৈরি হয়নি। সে তার বাবার মতো ভোলার মাটি ও মানুষকে ভালোবেসে এখানে ছুটে এসেছে। পার্থর মতো ছেলেকে আপনাদের ভাগ্যে মহান আল্লাহ পাঠিয়েছেন।
তিনি বলেন, তাই সবার সহযোগিতা ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। আমার ছেলে যেন তার বাবার আদর্শে চলতে পারে এটাই প্রত্যাশা করি।
এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



