সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নামে থাকা ঢাকার উত্তরা মডেল টাউনের পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বাড়ি এবং রাজবাড়ীর পাংশার নারায়ণপুরে তিনতলা বাড়িসহ মোট ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করা হয়।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জিল্লুল হাকিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের তদন্তে জানা যায়, তিনি ঢাকা ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তদন্ত চলাকালে তার এসব সম্পদের ওপর নিষেধাজ্ঞা জারি করে জব্দের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এমতাবস্থায়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা অনুসারে আদালত সংশ্লিষ্ট সম্পত্তিগুলো জব্দ করার আদেশ দেন। তবে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে দুদক জানিয়েছে।



