লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারির চরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছা: জান্নাতি খাতুনকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় কিশোরীর পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে মোছা: জান্নাতি খাতুনের স্কুল ভোটমারী হাইস্কুলে প্রাঙ্গণে পরিবারের সাথে সাক্ষাৎ করে মামলার সার্বিক বিষয়ে একান্ত কথা বলেন তিনি।
জান্নাতি পরিবারের সাথে সাক্ষাতের সময় ডা: শফিকুর রহমান বলেন, ‘জান্নাতি হত্যার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই, জান্নাতির মা-বাবা জান্নাতিকে পাবে না সত্যি তবে সঠিক বিচার পেলে তারা অন্তত সান্তনা পাবেন জান্নাতের আত্মার শান্তি পাবে।’
তিনি বলেন, ‘বিচার যখন লম্বা হয় তখন বিচার হারিয়ে যায় এরকম যেন জান্নাতের ক্ষেত্রে না হয় এজন্য এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান করেন। তেমনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান করেন জান্নাতির যেন সঠিক বিচার পায়, জান্নাতি সঠিক বিচার পেলে আপনারাও দোয়া পাবেন। জান্নাতির সঠিক বিচার নিশ্চিত করার জন্য কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে পাহারাদারের ভূমিকা রাখার আহ্বান করেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, ভোটমারি স্কুলের প্রধান শিক্ষক বেবু মিয়া, কালিগঞ্জ আদিতমারী লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজু ও ও লালমনিরহাট জেলা আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের।



