জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ‘বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। বিএনপি যে আদর্শিক রাজনীতি করতো, লড়াই-সংগ্রামের রাজনীতি করতো, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে, তাদের দেখে দলের নেতারাই আমাদেরকে বলছেন—এই বিএনপি আমরা চিনি না।’
রোববার (১৭ মে) রাত পৌনে ৮টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আমাদেরকে বলেন—যে বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খেতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই; আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি সেই বিএনপি নয়।’
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, এমনকি ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে, সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষুশলজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষুশলজ্জা নাই। এই কারণে বলছি, ‘বিএনপি ইজ রিজেক্ট’।’
তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতদিন এমনটা হতো যে, প্রধানমন্ত্রী হবেন একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাইরে হলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারতেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে, সেদিকে সজাগ থাকবো।’
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থার পরিবর্তন চেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা পরিবর্তন চেয়েছিলাম। এখন যদি আগের সবকিছু ঠিক থাকে, তাহলে পরিবর্তন আর হলো কোথায়? সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সকলের জন্য সমান হতে হবে।’
দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিনে তিনি জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আব্দুল্লাহ এমপি।
বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এবং উপজেলা এনসিপি সমন্বয়ক আবুল কাশেম অভি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, এনসিপি নেতা গাজী আলাউদ্দিন প্রমুখ।



