তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে।’
রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, ‘বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা দূর করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।



