মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ ইউনিয়নে সুফিয়া খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ওই নারীর স্বামীকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) হরগজ বেপারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন সকালে মৃত্যুর খবর ছড়ালে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের মো: ইসমাইল হোসেনের স্ত্রী।
সুফিয়া খাতুনের সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়ায় তার স্বামী ইসমাইল হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।
এই মৃত্যুকে 'পরিকল্পিত হত্যা' বলে দাবি করছেন নিহতের ভাই রমজান আলী। তার অভিযোগ, সুফিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, নিহতের ছেলে ইসরাফিল দাবি করেছেন, তার মা মানসিক রোগী ছিলেন এবং তিনি আত্মহত্যা করেছেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, লাশের হাত ও পেটে আঘাতের চিহ্ন মিলেছে। প্রকৃত কারণ উদঘাটনে লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পরই মূল রহস্য উন্মোচিত হবে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।


