উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেয়া হনুফা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করছেন।

Location :

Barishal
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া হনুফা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানির অভিযোগও তোলেন তিনি। তার কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।

সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টু অভিযোগ করে বলেন, তার জমির ওপর দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথ তৈরির চেষ্টা করেন ইউসুফ। এছাড়া উপজেলা পরিষদের সরকারি বরাদ্দের টাকায় একটি কালভার্ট নির্মাণকাজ শুরু করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) কাজ শুরুর সময় জমির ওয়ারিশ ও এলাকাবাসী বাধা দিলে ইউসুফ দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে উত্তেজনার সৃষ্টি করেন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করা হয়। এরপর থেকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার বিচার দাবিতে শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

অভিযুক্ত সৈয়দ ইউসুফ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। নির্বাচনের সময় তার সাথে থাকলেও তারা অন্য প্রতীকে ভোট দিয়েছেন এবং তারাই এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।