চলমান এইচএসসি পরীক্ষা চলাকালীন আকস্মিক বৃষ্টি ও নগরীর তীব্র জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের গর্তে পড়ে যাওয়া ও ভয়াবহ দুর্ভোগের শিকার হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টায় শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ।
এ সময় বলেন, সোমবারের পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোররাতে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সমন্বিতভাবে কাজ করেছে।
চেয়ারম্যান জানান, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করে ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো: শিপন মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক সালাহউদ্দিন, উপসচিব (অ্যাকাডেমিক) আব্দুল কাদির, কলেজ পরিদর্শক ড. মো: জাহাঙ্গীর আলম মজুমদার এবং বিদ্যালয় উপ-পরিদর্শক আখতার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি স্থানে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে পরবর্তী পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনও করেন।



